হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, বাসিজ সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি বলেন, তৃতীয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের জনগণের মধ্যে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে এবং দেশজুড়ে বাসিজি চেতনার বিস্তার ঘটেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাসিজ সংগঠনকেও নতুন রূপান্তর ও নবজন্মের অভিজ্ঞতা অর্জন করতে হবে। জাগ্রত জনগণের সক্ষমতাকে কাজে লাগিয়ে বাসিজের আগের কাঠামোর চেয়ে আরও উন্নত ও আধুনিক সংস্করণ গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে দৃঢ়, সুপরিকল্পিত ও বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যেতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতার পূর্ণাঙ্গ বার্তা নিচে তুলে ধরা হলো:
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে!
বাসিজ সপ্তাহ এই বিস্ময়কর ও মূল্যবান প্রতিষ্ঠানকে নতুন দৃষ্টিতে পর্যালোচনা করার একটি উপযুক্ত উপলক্ষ। ইমাম খোমেনি (রহ.)-এর উদ্যোগে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির লক্ষ্য ছিল ধীরে ধীরে বিভিন্ন প্রজন্মের উদ্যমী, আশাবাদী, আত্মত্যাগী, ইসলাম ও ইরানের মর্যাদা প্রতিষ্ঠায় নিবেদিত এবং ইমাম হুসাইন (আ.)-এর আদর্শের অনুসারীদের একত্রিত করা। এর মাধ্যমে সত্য ও ন্যায়বিচারের সমর্থকদের একটি সুদৃঢ় ভিত্তি গড়ে তোলা।
আট বছরব্যাপী পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে বাসিজ নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়। সামরিক যুদ্ধক্ষেত্রে কার্যকর উপস্থিতির মাধ্যমে তারা যুদ্ধের প্রধান শক্তি ও ভিত্তিতে পরিণত হয়েছিল। সেই পবিত্র যুদ্ধের দিনগুলোতে কিশোর থেকে শুরু করে প্রবীণ বয়সের বাসিজ সদস্যরা যুদ্ধের সম্মুখসারির পরিখা ও বাংকারের আধ্যাত্মিক পরিবেশ থেকে অসংখ্য আত্মিক শিক্ষা লাভ করতেন। তাঁদের মাধ্যমে দেশের শহর ও গ্রামগুলোও সেই পবিত্র চেতনায় সুরভিত হয়ে উঠেছিল।
এভাবেই সাধারণ মানুষের মনে বাসিজ ও বাসিজ সদস্যদের যে প্রতিচ্ছবি গড়ে উঠেছিল, তা ছিল ঈমান, অঙ্গীকার, আন্তরিকতা, একনিষ্ঠতা, দূরদর্শিতা, সাহসিকতা, সংগ্রাম, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং অন্যের জন্য আত্মত্যাগ ও ত্যাগস্বীকারের এক অনন্য সমন্বয়। এসব গুণের কিছু বৈশিষ্ট্য এ ভূখণ্ডের প্রাচীন সাহিত্য ও ইতিহাসের নীতিনিষ্ঠ বীর চরিত্রগুলোর মধ্যেও দেখা যেত। একসময় রূপকথার বিভিন্ন চরিত্র এসব গুণের প্রতীক হিসেবে বিবেচিত হতো। কিন্তু ইসলামী বিপ্লবের কল্যাণে এবার বাস্তব জীবনের মানুষরাই বাসিজের পোশাক পরিধান করে বীরত্বগাথা রচনা করেছেন এবং অসংখ্য ত্যাগ ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছেন।
যদিও আট বছর পর পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের গৌরবময় সমাপ্তি ঘটেছিল, তবু বাসিজি চেতনা দেশের বিভিন্ন আনুষ্ঠানিক ও বিশেষ করে অনানুষ্ঠানিক কাঠামোর ওপর গভীর প্রভাব রেখে গেছে। এই চেতনা ছিল এক বিশাল সম্পদ, যা পবিত্র প্রতিরক্ষা যুদ্ধ, ইমাম খোমেনি (রহ.)-এর দিকনির্দেশনা এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষের সমর্থনের মাধ্যমে গড়ে উঠেছিল।
এ বিষয়ে আরও স্পষ্ট ধারণা দিতে কয়েকটি বিষয় তুলে ধরা হলো।
প্রথমত: নিঃসন্দেহে তৃতীয় পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় ইরানের জনগণের মধ্যে যে নবজাগরণ সৃষ্টি হয়েছে এবং যার মাধ্যমে দেশজুড়ে বাসিজি চেতনার বিস্তার ঘটেছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে বাসিজ সংগঠনকেও নতুন রূপান্তর ও নবজন্মের অভিজ্ঞতা অর্জন করতে হবে। জাগ্রত জনগণের সক্ষমতাকে কাজে লাগিয়ে আগের বাসিজের তুলনায় আরও উন্নত ও আধুনিক সংস্করণ গড়ে তুলতে হবে। তাই এখন থেকে ‘প্রত্যেক ইরানি একজন বাসিজ’—এই স্লোগান বাস্তবায়নের লক্ষ্যে দৃঢ়, সুপরিকল্পিত ও বলিষ্ঠ পদক্ষেপে এগিয়ে যেতে হবে।
বর্তমানে সেনাবাহিনী, বিপ্লবী গার্ড বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও সংসদ সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বহু মানুষ নিজেদের বাসিজের সদস্য মনে করেন। কারণ, তাঁদের হৃদয়ে বাসিজের আদর্শ ও চেতনার প্রতি গভীর অনুরাগ রয়েছে।
একইভাবে দিন-রাত বিভিন্ন চত্বর ও সড়কে জাতীয় পতাকা হাতে উপস্থিত থাকা ব্যক্তিরা, যাঁরা জনগণের এই নবজাগরণকে আরও দৃশ্যমান ও বাস্তব রূপ দিয়েছেন, এবং বিপুলসংখ্যক আত্মোৎসর্গকারী মানুষও কার্যত এই আদর্শের অনুসারী। এমন অনেকেই রয়েছেন, যাঁরা আনুষ্ঠানিকভাবে বাসিজের সদস্য নন, কিন্তু বাসিজের চিন্তাধারা ও আদর্শকে শ্রদ্ধা করেন এবং নিজেদের জীবনাচরণও সেই আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার চেষ্টা করেন। বাসিজ সংগঠনকে এই মহান নিয়ামত সর্বোত্তমভাবে কাজে লাগাতে হবে।
দ্বিতীয়ত: জনগণের মধ্যে ইতোমধ্যে সৃষ্টি হওয়া এই বিশাল সক্ষমতার পাশাপাশি বাসিজের আনুষ্ঠানিক সংগঠনকেও দেশের প্রতিটি প্রান্তে বাসিজি চেতনার বিস্তারে নিরন্তর কাজ করতে হবে।
বাসিজি চেতনার যেসব বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে, সেগুলো বাসিজ সদস্যদের আচরণ ও জীবনাচরণের মাধ্যমে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়া সম্ভব। উত্তম চরিত্র, সহমর্মিতা ও দয়া, মানুষের প্রতি সম্মান প্রদর্শন, ব্যক্তিগত ও সামাজিক জীবনে তাকওয়া ও নৈতিকতার চর্চা এবং অতীতে বাসিজ সদস্যদের যেসব গুণের জন্য মানুষ চিনত—যেমন বিনয়, নম্রতা, আত্মত্যাগ, প্রচারবিমুখতা, জাঁকজমক ও আড়ম্বর থেকে দূরে থাকা—এসব গুণের চর্চা তাঁদের প্রতিটি মহল্লা, শহর ও গ্রামের মানুষের কাছে আদর্শ ব্যক্তিত্বে পরিণত করবে। একই সঙ্গে সবাইকে এই আদর্শ ও জীবনপদ্ধতি অনুসরণে উৎসাহিত করবে।
তৃতীয়ত: বাসিজ সদস্যদের প্রকৃত আনুগত্যের কেন্দ্রবিন্দু হলো ইমাম হুসাইন (আ.)-এর আদর্শ, যা বিশুদ্ধ মুহাম্মদি ইসলামের সঠিক ব্যাখ্যা। তাঁদের সব ধরনের সম্পর্ক, বিচ্ছেদ, ভালোবাসা ও শত্রুতা এই আদর্শের ভিত্তিতেই নির্ধারিত হয়।
পবিত্র কোরআনের দুটি জীবনদায়ী শিক্ষা—‘মুমিনরা পরস্পরের প্রতি সদয়’ (رُحَمَاءُ بَيْنَهُمْ) এবং ‘অবিশ্বাসী-কাফিরদের বিরুদ্ধে কঠোর’ (أَشِدَّاءُ عَلَى الْكُفَّارِ)—বাসিজ সদস্যদের পথপ্রদর্শক।
এ কারণেই তাঁরা জনগণ, রাষ্ট্র ও বিপ্লবের প্রতি সর্বোচ্চ ভালোবাসা ও আত্মত্যাগ প্রদর্শন করেন। একই সঙ্গে ইসলাম ও ইসলামী রাষ্ট্রের শত্রুদের আঘাত করার কোনো সুযোগই তাঁরা হাতছাড়া করেন না।
ইরানের সামাজিক সংহতি ও পবিত্র জাতীয় ঐক্য রক্ষা করা সব বাসিজ সদস্যের অভিন্ন বৈশিষ্ট্য হওয়া উচিত। সাম্প্রতিক দিনগুলোতে এই ঐক্যের অসামান্য মূল্য এবং সামরিক অঙ্গনে ইসলামের সাহসী ও আত্মত্যাগী যোদ্ধাদের বিজয়ের ধারাবাহিকতায় শত্রুপক্ষের হিসাব-নিকাশের ওপর এর গভীর প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে। সত্য ও মিথ্যার মধ্যকার সংঘাতের উভয় পক্ষের ওপরই এর প্রভাব সুস্পষ্ট।
চতুর্থত: বাসিজ প্রতিষ্ঠালগ্ন থেকে তার সদস্যদের মাধ্যমে বহু সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঘাটতি পূরণ করে এসেছে। ইরানের জনগণের নবজাগরণের এই সময়ে বাসিজের ব্যাপক বিকাশের পরিপ্রেক্ষিতে এর বিদ্যমান সক্ষমতা যথাযথভাবে কাজে লাগাতে হবে।
যাঁরা অন্তর থেকে বাসিজের সদস্য হিসেবে বিবেচিত—যেমন বিভিন্ন চত্বর ও সড়কে উপস্থিত ব্যক্তিরা, আত্মোৎসর্গকারী মানুষ এবং ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নের পথে তাঁদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ অন্যরা—তাঁরা সম্মিলিতভাবে এক বিশাল শক্তির প্রতিনিধিত্ব করেন। তাঁদের হৃদয়ই প্রকৃত অর্থে বাসিজের ঘাঁটি।
দেশের সমস্যা সমাধান এবং নতুন ও অভিনব সম্ভাবনা কাজে লাগানোর ক্ষেত্রে এই শক্তির প্রতিটি অংশকে যথাযথভাবে ব্যবহার করতে হবে। এভাবেই ‘প্রত্যেক ইরানি একজন বাসিজ’—এই স্লোগান আরও সমৃদ্ধ ও অর্থবহ হয়ে উঠবে।
আশা করি, এসব বিষয় বিবেচনায় নিয়ে ইরানের বাসিজ জনগোষ্ঠী পারস্পরিক সহযোগিতার এক উন্নত দৃষ্টান্ত এবং উম্মাহ ও জাতির ধারণার সর্বোচ্চ বাস্তবায়ন হিসেবে ইতিহাসে নিজেদের স্থান করে নেবে। একই সঙ্গে তারা ভবিষ্যতের উল্লেখযোগ্য উন্নতি ও অগ্রগতির সূচনাবিন্দুতে পরিণত হবে।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন বাসিজের প্রিয় শহীদদের তাঁর সন্তুষ্টি ও আহলে বাইত (আ.)-এর সান্নিধ্যে স্থান দেন, তাঁদের প্রিয় যুদ্ধাহত সদস্যদের ধৈর্য ও সুস্থতা দান করেন এবং ইরান ও প্রতিরোধ ফ্রন্টের সব বাসিজ সদস্যকে—যাঁদের মধ্যে আমিও একজন ক্ষুদ্র সদস্য—আমাদের নেতা ইমাম মাহদী (আ.ফা.)-এর সৈনিকদের অন্তর্ভুক্ত করেন। একই সঙ্গে তাঁদের প্রতি তাঁর বিশেষ দয়া, কল্যাণ, বিজয় ও বরকত বর্ষণ করেন।
সাইয়্যেদ মুজতবা হোসেইনি খামেনেয়ি
৫ আজার ১৪০৫ হিজরি সৌর (২৬ নভেম্বর, ২০২৬)।
আপনার কমেন্ট